চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো আমি নিয়মিত পড়ি। অনেক সময় দেখা যায় একাধিক পত্রিকায় সংবাদ হুবহু একই রকম। এ ক্ষেত্রে প্রতিটি পত্রিকার নিজস্বতা বজায় রাখা প্রয়োজন। সংবাদের গুরুত্ব অনুধাবন করে তা প্রচার ও প্রকাশ করতে হবে।’ তিনি সাংবাদিকদের দায়িত্ববোধ ও সচেতনতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
ডিসি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার কথা আমাদের ভুলে গেলে চলবে না। সমাজকে সচেতন করার জন্য সাংবাদিকরা যেসব বিষয় তুলে ধরেন, তা নিজেদেরও মেনে চলা উচিত। এই সময়োপযোগী প্রশিক্ষণ সাংবাদিকদের কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে চাঁদপুরের নিয়মিত খবরের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের খবরও তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা। প্রশিক্ষণ সেশনে বক্তব্য দেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান এবং বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আনোয়ার হাবিব কাজল। এ সময় বিভাগের শিক্ষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।


























