জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন কৃষিবান্ধব রাষ্ট্রনায়ক। তিনি সবসময় দেশের সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। কৃষকদের কল্যাণের কথা বিবেচনায় রেখেই তিনি সুগার মিল ও সংশ্লিষ্ট কৃষি খাতের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সুগার মিলসের কেইন ক্যারিয়ার চত্বরে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ দুলু আরও বলেন, সুগার মিলের আধুনিকায়ন ও উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যরা সব ধরনের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর হওয়ায় কৃষকদের বাঁচিয়ে রাখা এবং আখের ন্যায্যমূল্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ, নাটোরের জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা নূরুল হাই মোহাম্মদ আনাছ, নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান এবং জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক আখচাষি উপস্থিত ছিলেন।

























