দীর্ঘ ২৫ বছর ধরে নাট্যাঙ্গনে অনবদ্য অবদান রাখা নন্দিত নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক ও দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ আয়োজিত ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
নিজের দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি। কাজের প্রতি একাগ্রতা ও লক্ষ্যের প্রতি অবিচল থাকাই আমাকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করেছে। সিজেএফবি’র এই সম্মাননা প্রাপ্তিতে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।


























