ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল এবং তাঁর স্ত্রী খাদিজা পারভীন বর্ষাকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ার ঘটনায় এই নোটিশ পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের নামে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তিতে ঋণের অর্থ পরিশোধের শর্ত থাকলেও পরবর্তী সময়ে সেই শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে।
ঋণের আংশিক অর্থ পরিশোধের জন্য ২০২৬ সালের ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।
এ ঘটনায় ব্যাংকের প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চুর মাধ্যমে অনন্ত জলিল ও তাঁর স্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ করতে হবে; অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অনন্ত জলিল কেবল চলচ্চিত্র অভিনেতা নন, তিনি একজন পোশাক ব্যবসায়ী ও প্রযোজকও। ‘খোঁজ—দ্য সার্চ’, ‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন—দ্য ডে’র মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। ব্যাংকের এই আইনি নোটিশের পর অনন্ত জলিল দম্পতি কী পদক্ষেপ নেন, তা নিয়ে আলোচনা চলছে।

























