রাগ মানুষের একটি স্বভাবজাত ও স্বাভাবিক অনুভূতির প্রকাশ। ভালোবাসা, দুঃখ কিংবা আনন্দের মতো রাগও মানসিক স্বাস্থ্যের একটি অংশ। কিন্তু অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত রাগ ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত জীবন ও সামাজিক চলাফেরায় মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ক্ষোভের মাথায় নেওয়া সিদ্ধান্ত বা মুখের কথা পরবর্তীতে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতেই রাগ সামলানোর অভ্যাস করা জরুরি।
সহজ কিছু চর্চার মাধ্যমে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। রাগ সামলানোর কার্যকর সাতটি উপায় নিচে তুলে ধরা হলো:
১. সাময়িকভাবে স্থান পরিবর্তন করুন: কোনো কারণে তীব্র রাগ অনুভব করলে সঙ্গে সঙ্গে ওই স্থান থেকে সরে যান। অন্য রুমে গিয়ে বসুন বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটে এবং মাথা ঠান্ডা করার সুযোগ পাওয়া যায়।
২. অনুভূতির কথা লিখে রাখুন: কোন বিষয়টি আপনাকে রাগান্বিত করছে এবং কেন এমন হচ্ছে, তা ডায়রি বা কাগজে লিখে ফেলার চেষ্টা করুন। নিজের অনুভূতির লিখিত রূপ রাগের মূল কারণ চিহ্নিত করতে এবং আচরণ শুধরাতে সাহায্য করে।
৩. উল্টো গণনা শুরু করুন: রাগের তীব্র মুহূর্তটিতে ১০০ থেকে উল্টো দিকে মনে মনে গুনতে থাকুন। এই কৌশলে আপনার মনোযোগ অন্যদিকে ঘুরে যাবে এবং তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দেখানো থেকে নিজেকে বিরত রাখা সম্ভব হবে।
৪. প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন: মনের জমাট বাঁধা ক্ষোভ নিজের ভেতর পুষে না রেখে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের কাছে ব্যক্ত করুন। আবেগ প্রকাশ করলে মানসিক চাপ অনেকটাই কমে আসে।
৫. শ্বাসের ব্যায়াম করুন: রাগ উঠলে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ধীরগতিতে শ্বাস ছাড়ুন। কয়েকবার এই শ্বাসের চর্চা করলে হৃদস্পন্দন স্বাভাবিক হয় এবং শরীর-মন দ্রুত শান্ত হয়ে ওঠে।
৬. কথা বলার আগে ভাবুন: রেগে থাকা অবস্থায় তাত্ক্ষণিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকুন। কিছু সময় নীরব থেকে ভাবুন, আপনার কথায় অন্য কেউ আঘাত পাবেন কি না। এতে ভুল বোঝাবুঝি এড়ানো যায়।
৭. ক্ষমা করার মানসিকতা রাখুন: অন্যের ভুলের কারণে দীর্ঘ দিন রাগ বা বিদ্বেষ পুষে রাখলে নিজেরই মানসিক ক্ষতি হয়। মানুষকে ক্ষমা করতে শিখলে অন্তরে প্রশান্তি আসে এবং নেতিবাচক চিন্তা দূর হয়।
রাগ নিয়ন্ত্রণ করার অর্থ নিজের আবেগকে দমিয়ে রাখা নয়, বরং তা সুস্থ উপায়ে প্রকাশ করা। তবে দৈনন্দিন জীবনে রাগ যদি নিয়মিত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

























