প্রেম, ভালোবাসা কিংবা কারও সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়া অনেকের কাছে আনন্দের অনুভূতি। তবে কারও কারও কাছে এই ভালোবাসাই হয়ে উঠতে পারে আতঙ্কের কারণ। প্রেমে পড়া বা কারও সঙ্গে আবেগীয় ঘনিষ্ঠতা তৈরির প্রতি তীব্র ভয়কে বলা হয় ফিলোফোবিয়া (Philophobia)। গ্রিক শব্দ ‘ফিলোস’ অর্থ ভালোবাসা এবং ‘ফোবোস’ অর্থ ভয় থেকে এই শব্দের উৎপত্তি।
ফিলোফোবিয়ায় ভোগা ব্যক্তির মধ্যে মানসিক ও শারীরিক বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। যেমন—ভয়ের কারণে প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকা বা সম্পর্কের কথা শুনলেই ঘাম হওয়া, বুক ধড়ফড় করা ও আতঙ্কিত হয়ে পড়া।
এই ভয়ের পেছনে অতীতের বিভিন্ন অভিজ্ঞতা ভূমিকা রাখতে পারে। আগের সম্পর্কে প্রতারণার শিকার হওয়া, বিচ্ছেদ কিংবা প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার অভিজ্ঞতা নতুন সম্পর্কে জড়ানোর ভয় তৈরি করতে পারে।
এ ছাড়া শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ দেখা, পারিবারিক অশান্তি, অবহেলা, প্রত্যাখ্যাত হওয়ার ভয় এবং সামাজিক বা পারিবারিক চাপও এর কারণ হতে পারে।
ফিলোফোবিয়া কাটাবেন যেভাবে:
এই ভয় দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেললে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
কগনিটিভ বিহেভিওরাল থেরাপি (CBT) নেতিবাচক চিন্তাভাবনা পরিবর্তনে সহায়তা করতে পারে। পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে অতীতের মানসিক আঘাত নিয়ে কাজ করা যায়। প্রয়োজন অনুযায়ী এক্সপোজার থেরাপিও কার্যকর হতে পারে।
মনে রাখতে হবে, একা থাকতে পছন্দ করা বা প্রেমে অনাগ্রহী হওয়া মানেই ফিলোফোবিয়া নয়। ভয়টি তীব্র হলে এবং স্বাভাবিক জীবন ব্যাহত করলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ।


























