রাষ্ট্রের বিদ্যমান সংকট ও সমস্যাগুলোকে অস্বীকার না করে বরং তা স্বীকার করে সমাধানের উদ্যোগ নেওয়াই সুশাসনের প্রথম লক্ষণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকারের মধ্যেও সমস্যা অস্বীকার করার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকারের অন্যতম প্রধান কাজ হলো সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা স্বীকার করে কার্যকর সমাধানের পথে হাঁটা। স্বৈরশাসকরা সাধারণত সমস্যা ধামাচাপা দিতে পছন্দ করে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে একে সমস্যা আড়ালের অপচেষ্টা হিসেবে অভিহিত করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে খুলনায় খুনোখুনির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। সরকারকে আত্মতৃপ্তিতে না ভুগে বাস্তব পরিস্থিতি অনুধাবন করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে রাজনৈতিক দলগুলোর কথিত যোগাযোগের বিষয়ে তিনি বলেন, সরকারি ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে সমঝোতার অভিযোগ তুলছে, যা দেশের রাজনীতির জন্য অস্বস্তিকর। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও যুব আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


























