ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ‘কিশোর তন্ময়’ নামের একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক কালাচান নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন লাগে। আগুন দেখতে পেয়ে চালক নিজেই তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার আরও জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এছাড়া কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছে।


























