রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলার ঘটনা ঘটেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল চারটার দিকে হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।
ক্যান্টনমেন্ট থানার দায়িত্বরত কর্মকর্তা মো. আরিফ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে একজনকে আটকে রাখার তথ্য জানানো হয়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে ছুটে যান।
নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, তাঁর প্রকল্পে দুর্বৃত্তরা আবারও হামলা চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই সময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সে সময় ওই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের প্রকাশ করা একটি ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, আগের ওই হামলার ঘটনার অন্যতম ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের আরও দাবি, মিরপুরের দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নিয়ে এই হামলার সমন্বয় করেছিলেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য যুবরাজ।
ওই ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হামলায় জড়িত আরও ৯ জনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।


























