ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলার নথিতে জালিয়াতি করে আসামির নাম পরিবর্তনের গুরুতর অভিযোগ উঠেছে। মামলার ফাইল দেখার সুযোগ নিয়ে নালিশী দরখাস্ত ও তদন্ত প্রতিবেদনে মূল আসামির নাম কেটে অন্য একজনের নাম বসিয়ে দেওয়ার অভিযোগে মামলার বাদী মো. নূরে আলমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত রোববার জালিয়াতির বিষয়টি ধরা পড়লে ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. শরীফ উদ্দিন ভূঁইয়া জানান, নথিতে ঘষামাজা ও কাটাকাটির বিষয়টি বিচারকের নজরে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নালিশী দরখাস্তে টাইপ করা ২ নম্বর আসামি জুনায়েতের নাম কেটে হাতে লিখে সজিব হোসেন ওরফে বাবুসহ অন্য নাম বসানো হয়েছে। একই কৌশলে মামলার তদন্ত প্রতিবেদনেও জালিয়াতি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাদী নূরে আলম স্বীকার করেছেন যে, তার নিয়োজিত আইনজীবী মো. মাহবুবুর রহমান খান ও আরও কয়েকজন মিলে এই জালিয়াতির সাথে জড়িত ছিলেন।

























