আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর জেরা চলাকালে প্রসিকিউশনের এক সদস্যের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আসামিপক্ষের আইনজীবী মন্তব্যটিকে ‘হুমকি’ হিসেবে অভিহিত করলে ট্রাইব্যুনাল উভয়পক্ষকে সতর্ক করেন।
রবিবার (৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এই ঘটনা ঘটে। এ সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৩ নম্বর সাক্ষীকে জেরা করা হচ্ছিল।
জেরার এক পর্যায়ে ২০২৪ সালের হাইকোর্টের একটি রায় নিয়ে প্রশ্ন তোলেন আসামিপক্ষের আইনজীবী পলাশ চন্দ্র রায়। এর প্রেক্ষিতে প্রসিকিউশন থেকে আপত্তি তোলা হলে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সাক্ষীর আচরণের প্রতিক্রিয়ায় প্রসিকিউশনের এক সদস্য ওই মন্তব্য করলে আইনজীবী পলাশ চন্দ্র রায় একে হুমকি হিসেবে উল্লেখ করে জেরার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাইব্যুনাল হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জেরা পুনরায় শুরু হলে সাক্ষী জানান, ২০২৪ সালের ৯ জুলাই সরকারের পক্ষ থেকে কোনো সহিংসতা হয়নি। তবে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সক্রিয় ছিল বলে তিনি উল্লেখ করেন।

























