রাজশাহীতে অনলাইন বেটিং ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং একটি ব্যক্তিগত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মোবাইল ফোনগুলোতে সাতটি জুয়ার আইডি ও পাঁচটি বেটিং অ্যাপের সন্ধান মিলেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শেষ রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানার একটি দল শিতলাই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিতলাই গোবিন্দপুর গ্রামের আমান উল্লাহ আমান (২৭) ও সাকিবুল ইসলাম (২৬)।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সময় মাসুম (৩৫) নামের আরেক অভিযুক্ত পালিয়ে যান। তিনি একই গ্রামের বাসিন্দা। শুক্রবার আরএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ধৃত আমানের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলোতে জুয়া ও বেটিংয়ের কাজে ব্যবহৃত একাধিক আইডি, অ্যাপ এবং বিকাশ ও নগদ হিসাব যুক্ত ছিল। অন্যদিকে সাকিবুলের কাছ থেকে পাওয়া স্মার্টফোনেও জুয়ার তিনটি আইডি ও তিনটি অ্যাপ পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক মাসুমের সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠায়। ঘটনায় জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

























