চট্টগ্রামের ফটিকছড়িতে প্রশাসনের অভিযান ও ৫০ হাজার টাকা জরিমানার পরও টিলা কাটা বন্ধ হয়নি। এবার উপজেলার উত্তর পাইন্দং এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিলা কেটে সাবাড় করার পর সেখানে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকায় প্রায় পাঁচ একর আয়তনের একটি প্রাকৃতিক টিলা রয়েছে। সম্প্রতি এই টিলার মাটি কেটে সমতল করা হয় এবং বর্তমানে সেখানে পাকা ঘর তৈরির কাজ চলছে। অতীতে এখানে অভিযান চালিয়ে প্রশাসন জরিমানা করলেও তা তোয়াক্কা করেনি অপরাধীরা।
অভিযোগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ শওকত ও তার ছেলে ইরতিসাম কালাম ইরসালের নাম উঠে এসেছে। যদিও যোগাযোগের চেষ্টা করা হলে শওকত ফোন ধরেননি, তবে তার ছেলে ইরসাল দাবি করেছেন খামার তৈরির উদ্দেশ্যে তারা কাজ করছিলেন এবং টিলা কাটার আইনি অনুমোদন নেওয়ার বিষয়ে তার জানা ছিল না।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, পুনরায় টিলা কাটার খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরকে ঘটনাস্থল পরিদর্শন করে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। টিলা কাটার জন্য কাউকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।

























