আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমের চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) কার্যালয়ের শায়েস্তা খানম হলে আয়োজিত শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেয় টিসিজেএ।
মেধাবীদের মূল্যায়নে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।’
গণমাধ্যমে ভিডিও সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে মীর হেলাল বলেন, ‘ভিডিও জার্নালিস্টরা নানা প্রতিকূলতা ও জীবনের ঝুঁকি উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করেন। সাধারণ মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে তাঁদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন প্রতিমন্ত্রী।
























