চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে সড়কপথে ফটিকছড়ির উদ্দেশে রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাড়ে ১২টার দিকে মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে তিনি জুমার নামাজ আদায় করবেন এবং দুই দিনব্যাপী বার্ষিক মহাসম্মেলনে অংশ নেবেন। বিকেলে তাঁর পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
এই মহাসম্মেলনে উভয় দিনেই উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার বাদে ফজর থেকে জামিয়া বাবুনগর প্রাঙ্গণে এই মহাসম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সম্মেলনে অংশ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ।
সম্মেলনে ইসলামী আদর্শের প্রচার ও মুসলিম উম্মাহর নৈতিক বার্তা তুলে ধরে বয়ান করবেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী ও অন্যান্য বরেণ্য ওলামায়ে কেরাম। শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী এই দ্বীনি মহাসম্মেলন সমাপ্ত হবে।

























