দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন কূপ খনন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে জ্বালানি ঘাটতি পূরণের জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, অতীত ঘাটতি পূরণে ৫২টি নতুন গ্যাস কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাস ক্ষেত্র থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে।
কৃষি প্রযুক্তির প্রসারে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী আরও জানান, আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের সেচ ব্যবস্থার মাধ্যমে ৪০ শতাংশ পানি সাশ্রয় সম্ভব হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের কৃষি পণ্য সহজে বিদেশে পাঠাতে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক কার্গো সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রমানিক।

























