নির্বাহী বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে মানবাধিকার ও শান্তিবিষয়ক সংসদীয় ককাসের কার্যক্রম দ্রুত জোরদার করার তাগিদ দেন তিনি।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত ‘পার্লামেন্টারি ককাস অন হিউম্যান রাইটস অ্যান্ড পিস’-এর প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। ককাসের সভাপতি ফাহিমা নাসরিনের সভাপতিত্বে বৈঠকে হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ককাসের সদস্যদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, অতীতে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং যারা এর শিকার হয়েছেন, তাদের সঠিকভাবে চিহ্নিত করে একটি গ্রহণযোগ্য চিত্র তুলে ধরার লক্ষ্যে এই ককাস গঠন করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীরা যাতে কোনোভাবেই নিজেদের ভুক্তভোগী হিসেবে জাহির করার সুযোগ না পায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আইন, বিচার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমন্বয়ে ককাসকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।























