জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) অনুমোদন পাওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের তিন মাসের বকেয়া বিল আগামী ৮ নভেম্বর থেকে জমা নেওয়া শুরু হবে। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের বকেয়া বিলের হার্ডকপি অধিদপ্তরের ক্যাশ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন-সিটু) হিসেবে দায়িত্ব পালন করছেন—এমন যেসব কর্মকর্তার জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী পে ফিক্সেশন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁদের বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে হবে।
আগামী ৮ নভেম্বর থেকে অধিদপ্তরের প্রথম ব্লকের ৩০৬ নম্বর কক্ষে অবস্থিত ক্যাশ শাখায় এসব বিল জমা নেওয়া হবে। বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থ ও ক্রয় শাখা।























