রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে (৪৬) চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, চীন থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্ত ও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে রিমান্ডের আবেদন করা হয়।
























