তিতাস গ্যাসের প্রায় ৩৪৮ কোটি টাকা বকেয়া রেখেই নিলামে বিক্রি হতে যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (৪৫০ মেগাওয়াট)। একটি জাতীয় দৈনিকে বিদ্যুৎকেন্দ্রটির নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ দিন ধরে গ্রাহক হিসেবে ওই বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে সংযোগ বন্ধ রয়েছে। কিন্তু গ্যাস বিল ও অন্যান্য পাওনা বাবদ তিতাসের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে মোট ৩৪৭ কোটি ৯৭ লাখ ৪২ হাজার টাকা।
এ পরিস্থিতিতে মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ক্রয়ের উদ্দেশ্যে যেকোনো পক্ষ চুক্তিবদ্ধ হওয়ার আগে বকেয়া দায়-দেনা পরিশোধের বিষয়টি যেন বিবেচনায় রাখে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি বহুবার হাতবদল হয়েছে। আমেরিকান কোম্পানি এইএস করপোরেশন এটি নির্মাণ করার পর পর্যায়ক্রমে যুক্তরাজ্যের সিডিসি গ্লোবেক এবং মালয়েশিয়ার পেন্ডেকার গ্রুপের কাছে বিক্রি হয়। ২০১৬ সালে এটি পুরোপুরি কিনে নেয় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন (সিজিএন)।


























