চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১২৬ টন পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে রয়েছে ৫ কনটেইনার ভর্তি ৪৭ হাজার ৪৪০ কেজি আপেল এবং ৭৮ হাজার ৩০০ কেজি আদা। নিলামের সংরক্ষিত মূল্য অনুযায়ী প্রতি কেজি আপেলের দাম প্রায় ১৯৬ টাকা এবং আদার দাম ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি জারি করা হয়। আগ্রহী ক্রেতারা ৪ নভেম্বর সকাল ৯টা থেকে ৯ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি কনটেইনারে থাকা আপেলের মোট সংরক্ষিত মূল্য ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা। অন্যদিকে তিনটি কনটেইনারে থাকা আদার সংরক্ষিত মূল্য ৮৭ লাখ ৭ হাজার ৮৬১ টাকা। সব মিলিয়ে পাঁচটি চালানের মোট মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ নভেম্বর অফিস চলাকালীন পণ্যগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন ক্রেতারা। দরপত্র দাখিলের আগে পণ্যের গুণগত মান যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। নিলামে অংশ নিতে সংরক্ষিত মূল্যের ৫ শতাংশ জামানত হিসেবে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আগামী ৯ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কাস্টম হাউসের নিলাম শাখায় দরপত্র উন্মুক্ত করা হবে। সর্বোচ্চ দরদাতার ক্ষেত্রে ডাকমূল্যের ওপর ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার সহকারী কমিশনার নাজমুল হোসেন জানান, পচনশীল পণ্য দীর্ঘদিন বন্দরে পড়ে থাকলে গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই রাজস্ব সংগ্রহ ও বন্দরের জট কমাতে দ্রুত এই নিলামের ব্যবস্থা করা হয়েছে।


























