বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামানো সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মূল লাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল এবং অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক ছিল।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫০ মিনিটে নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ এবং মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনে ট্রেন থামা বন্ধ রাখা হয়। এ সময় স্টেশন দুটির সব গেট বন্ধ থাকায় কোনো যাত্রী প্রবেশ বা বের হতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ওই দুটি স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়।
সকাল ১০টার দিকে পোশাকশ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। আন্দোলনকারীরা মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ ও বাঁশে আগুন ধরিয়ে দিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার অংশ হিসেবে মেট্রোরেল পুলিশের পরামর্শে স্টেশন দুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে ডিএমটিসিএল জানিয়েছে।





















