নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেছেন।
নিহত সাইকুল ইসলাম ও অভিযুক্ত বড় ভাই সাইদুর রহমান (৪৮) উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর লাম্বাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমানা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইদুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা সাইকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় সাইকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্ত্রীর মামলার ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

























