নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনের একটি গর্তের পানিতে ডুবে হুমাইরা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির সামনের একটি গর্তের জমে থাকা পানিতে পড়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা গর্তের পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসাদ সারওয়ার শামিন তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





















