সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধকে কেন্দ্র করে তৈরি পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে নরসিংহপুর এলাকায় একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
সোমবার সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নরসিংহপুরের নিউএজ কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন শেষে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পরে পার্শ্ববর্তী অনন্ত ও হা-মীম কারখানার সামনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শ্রমিকেরা একত্র হয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান।
একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের চরম উত্তেজনা তৈরি হয় এবং তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা সংঘর্ষ ও ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সড়কের পাশের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।





















