সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আন্তর্জাতিক ‘আরব রিডিং চ্যালেঞ্জ’-এর ১০ম আসরে প্রথম স্থান অর্জন করে অনন্য গৌরব অর্জন করেছে মিসরের মেধাবী শিক্ষার্থী মায়ার ওসমান। বিজয়ী হিসেবে নাম প্রকাশের পরপরই মঞ্চে সিজদায় অবনত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
বৃহস্পতিবার দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত জমকালো এক সমাপনী অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম উপস্থিত থেকে বিজয়ী মায়ারের হাতে সম্মাননা তুলে দেন।
প্রতিযোগিতা পর্বে ১১ বছর বয়সী মায়ার ৬০টিরও বেশি গ্রন্থ পাঠ করে নিজের অসাধারণ মেধার স্বাক্ষর রাখে। প্রথম স্থান অর্জন করায় তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৫ লাখ আমিরাতি দিরহাম। এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ফিলিস্তিনের ১৬ বছর বয়সী শিক্ষার্থী গাজাল তিম এবং তৃতীয় স্থান লাভ করে সৌদি আরবের রিয়ান আল জাকরি।
সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া আবেগঘন ভিডিওতে দেখা যায়, সেরা হিসেবে নিজের নাম শোনামাত্রই শিশু মায়ার সিজদায় লুটিয়ে পড়ে। তার এ বিনয় ও ভক্তি নেটিজেনদের প্রশংসায় ভাসছে।
মিসরের কাফর আল-শেখ প্রদেশের বাসিন্দা মায়ার নিজের অনুভূতি প্রকাশ করে বলে, অর্জিত পুরস্কারের অর্থে সে তার নিজ বিদ্যালয়ে একটি আধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চায়, যেন অন্য শিক্ষার্থীরাও বই পড়ার সুফল ভোগ করতে পারে।
মায়ার উল্লেখ করে, বই পাঠ তার চিন্তা-ভাবনাকে উন্নত করেছে এবং জীবনবোধে ইতিবাচক পরিবর্তন এনেছে। তার মতে, একজন সত্যিকারের পাঠক শুধু বই পড়েন না, অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজের ইতিবাচক পরিবর্তন আনেন।
উল্লেখ্য, ‘আরব রিডিং চ্যালেঞ্জ’-এর এবারের আসরে বিশ্বের ৬০টি দেশের ৪ কোটি ৮০ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা বিগত সব আসরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

























