দীর্ঘ আট বছর পর ঘরের মাঠে ফিরেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’। টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বিপুল উদ্দীপনা থাকার প্রত্যাশা থাকলেও গ্যালারিতে দর্শক টানার লড়াইয়ে শুরুতেই হোঁচট খেয়েছেন আয়োজকেরা। টিকিট বিক্রি শুরুর দুই দিন পেরিয়ে গেলেও অবিক্রিত রয়ে গেছে ১৪ হাজারের বেশি টিকিট।
এক টিকিটে দুটি আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ থাকা সত্ত্বেও দর্শকের এই অনাগ্রহের মূলে রয়েছে টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণ। সাধারণ গ্যালারির একটি টিকিটের মূল্য ধরা হয়েছে ৯৯৯ টাকা। এর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মের সার্ভিস চার্জ যুক্ত হয়ে মোট খরচ দাঁড়াচ্ছে ১ হাজার ৬২ টাকা। ফলে মাঠে বসে খেলা উপভোগ করার ইচ্ছা থাকলেও অতিরিক্ত খরচের কারণে সাধারণ সমর্থকদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নিচ্ছেন।
গত বছর ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট ছিল মাত্র ৪০০ টাকা, যা মাত্র ছয় মিনিটেই শেষ হয়ে গিয়েছিল। সেই তুলনায় এবার সাফের টিকিটের মূল্য দ্বিগুণেরও বেশি বাড়ানো বাস্তবসম্মত হয়নি বলেই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমে টিকিটের মূল্য ৫০০ টাকা রাখার পরিকল্পনা ছিল। তবে ভেন্যু ভাড়া ও টুর্নামেন্ট আয়োজনের আনুষঙ্গিক ব্যয় সমন্বয়ের যুক্তিতে শেষ পর্যন্ত টিকিটের দাম বাড়ানো হয়। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যয় নির্বাহের বোঝা সরাসরি দর্শকের ওপর চাপিয়ে দেওয়ার এই কৌশল হিতে বিপরীত হয়েছে, যার প্রভাব পড়েছে টিকিট বিক্রির হারে।


























