শীর্ষ ও মধ্যম সারির ব্যাটারদের চরম দায়িত্বহীনতায় মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার দিনে লোয়ার অর্ডারে একাকী লড়াই করে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন বোলার নাঈম হাসান।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে নামে স্বাগতিকরা। মাত্র ৫৩ রান তুলতেই প্যাভিলিয়নে ফেরেন দলের ৬ ব্যাটার। তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিম রানের খাতাই খুলতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০ ও লিটন দাস করেন মাত্র ৪ রান।
চতুর্থ দিনে জাকের আলী অনিক ২২ রানে বিদায় নেওয়ার পর একপ্রান্ত আগলে রাখেন নাঈম। হাসান মাহমুদ ও শরীফুলদের নিয়ে লড়াই চালিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন তিনি। শেষ পর্যন্ত রোস্টন চেজের বলে নাঈম ক্যাচ দিয়ে ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস, যার ফলে টেস্ট বাঁচানোর আশা চরম অনিশ্চয়তায় পড়ে।


























