ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা ঠেলে এবার এক ভিন্ন ও বর্ণিল অভিজ্ঞতার সামনে দাঁড়িয়েছেন বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার সামিউন বশির রাতুল। বাঁহাতি স্পিন ও দরকারী ব্যাটিংয়ে নজর কাড়া এই তরুণ এবার আন্তর্জাতিক ক্রিকেট উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলন উপলক্ষে ক্যারিবীয় দ্বীপ অ্যান্টিগায় আয়োজিত বিশেষ এই ক্রিকেট আসরে অংশ নিতে ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন ১৯ বছর বয়সী রাতুল। ঐতিহ্যবাহী স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ‘ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩’ দলের হয়ে মাঠে নামবেন তিনি। ১০ ওভারের এই ম্যাচের শিরোনাম দেওয়া হয়েছে ‘কমনওয়েলথ ফিউচার স্টার্স অনূর্ধ্ব-২৩’।
ইংল্যান্ড, কানাডা ও বারমুডার তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত ওয়াইডার কমনওয়েলথ দলে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি রাতুল। এই দলটিকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া ইংলিশ অধিনায়ক বেন ডকিন্স। এছাড়া দলটির সম্মানসূচক ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার ডেভিড গাওয়ার।
প্রতিপক্ষ ‘ক্যারিবীয় অনূর্ধ্ব-২৩’ দলকে নেতৃত্ব দেবেন ডোমিনিকার স্টিফেন প্যাসক্যাল। ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলের বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণদের নিয়ে গড়া এই দলের সম্মানসূচক ম্যানেজার হবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।
তরুণদের এই লড়াই ছাড়াও আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। ‘ওয়ান কমনওয়েলথ, ওয়ান টিম’ শীর্ষক এই উদ্যোগে গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ইরফান আলির নেতৃত্বে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা ক্রিকেট ব্যাটে মুখোমুখি হবেন।


























