ভৌতিক সাজসজ্জা ও নানা বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয় হ্যালোইন উৎসব। হ্যালোইনের অন্যতম ঐতিহ্যবাহী অনুষঙ্গ হলো কুমড়া দিয়ে ঘরবাড়ি কিংবা চারপাশ সাজানো। পশ্চিমা বিশ্বের এই উৎসবে মেতে উঠেছেন ঢালিউড অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোইন উদযাপনের একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন স্পর্শিয়া। ছবিগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিলের একটি ফার্মে মেতে উঠেছেন তিনি। চারপাশে কমলা রঙের অজস্র কুমড়ার মাঝে একটি ছবিতে মাথার ওপর কুমড়া রেখে দুই হাত প্রসারিত করে পোজ দিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
অন্য একটি ছবিতে গাড়ি থেকে নতুন লুকে ধরা দিয়েছেন স্পর্শিয়া। কপালে শিং এঁকে ও সাদা পোশাকের স্নিগ্ধতায় হ্যালোইনের এক অন্য রকম আবহ ফুটিয়ে তুলেছেন তিনি। ছবির ব্যাকগ্রাউন্ডে ছিল হ্যালোইনের সাজানো বোর্ড, রঙিন পাপেট ও সূর্যমুখী ফুলের বাগান।
শীতের উপযোগী সাদা সোয়েটার ও জ্যাকেটে স্পর্শিয়ার ছবিগুলোর ক্যাপশন ছিল—‘পাম্পকিন প্যাচ ডে’। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে শরৎকালে হ্যালোইন উপলক্ষে পাম্পকিন প্যাচ বা কুমড়ার বাগানে ঘুরে বেড়ানোর বেশ প্রচলন রয়েছে। ভক্তরাও স্পর্শিয়ার এসব ছবি দেখে নানা মন্তব্য করছেন।


























