টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়, যিনি অনুরাগীদের কাছে ‘মিশুক’ নামেই পরিচিত। দীর্ঘদিন ধরেই তাঁর অভিনয় জগতে অভিষেক নিয়ে নানা গুঞ্জন চলছে। এবার বলিউডের প্রখ্যাত পরিচালক মোহিত সুরির সঙ্গে মিশুকের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সেই জল্পনা নতুন মোড় নিয়েছে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মোহিত সুরির সঙ্গে একটি সেলফি শেয়ার করেন মিশুক। সেখানে পরিচালকের কাঁধে হাত রেখে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে মিশুক জানান, বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কারণেই মোহিত সুরির সঙ্গে এই সাক্ষাতের সুযোগ তৈরি হয়েছে।
প্রসেনজিতের সঙ্গে পরিচালক মোহিত সুরির দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। তবে মোহিত সুরির সঙ্গে এই সাক্ষাৎ নিছকই এক সৌজন্য বৈঠক, নাকি বলিউডে মিশুকের অভিষেকের কোনো বড় পরিকল্পনা চলছে—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নেটপাড়ায়।
বর্তমানে কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে নিয়মিত যাতায়াত করছেন মিশুক। বলিউডে নিজের ভিত্তি শক্ত করতে মুম্বাইয়ে অনুপম খেরের অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানেও তালিম নিচ্ছেন তিনি। এর আগে চলতি বছরের শুরুতে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের হাত ধরে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশের গুঞ্জন শোনা গিয়েছিল।
পরিচালক মোহিত সুরি বলিউডে ‘আশিকি ২’, ‘এক ভিলেন’ ও ‘মলং’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি তাঁর পরিচালিত ‘সইয়ারা’ সিনেমাটিও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এমন একজন সফল পরিচালকের সান্নিধ্যে প্রসেনজিৎ-পুত্রকে দেখে ভক্তদের মনে প্রশ্ন—তবে কি বাবার পথ ধরে বড় পর্দায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মিশুক?


























