ইউক্রেনের কাছে ২.১ বিলিয়ন ডলার মূল্যের ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে নিয়মিত বর্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কিয়েভ দীর্ঘদিন ধরে এই জরুরি সামরিক সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে আসছিল।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদানের অর্থ দিয়ে একটি বিশেষ মার্কিন কর্মসূচির আওতায় ইউক্রেনের জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। এতে মার্কিন সরকারের নিজস্ব কোনো তহবিল ব্যয় হচ্ছে না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই বিক্রয় চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থের অনুকূল। এটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা একটি বন্ধুপ্রতীম দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাম্প্রতিক সময়ে সামরিক সরঞ্জাম সরবরাহে বিলম্ব নিয়ে মার্কিন প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেছিলেন। পরবর্তীতে তথ্য বিনিময় ও যোগাযোগের সমস্যা কাটলে দুই দেশের সম্পর্কে স্বাভাবিকতা ফিরে আসে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনে এখনো ইউক্রেনের এক-পঞ্চমাংশ এলাকা অবরুদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন মধ্যস্থতায় আগামী নভেম্বরের শুরুতে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ট্রিপল শীর্ষ বৈঠকের তোড়জোড় চলছে।

























