সারাদেশে একযোগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা বিগত বছরের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ কম। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও ‘https://eduboardresults.gov.bd’ এবং ‘https://educationboardresults.gov.bd’ থেকে নিজেদের ফলাফল ডাউনলোড করতে পারবেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট শিট সংগ্রহ করতে পারবে।
এদিকে চলতি বছর এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্ধারিত ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এছাড়া উত্তরপত্র পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
























