বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’ নিয়ে নতুন সুখবর জানিয়েছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। যুক্তরাজ্য ও ইউরোপের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তার নির্মিত সিনেমাটি। উৎসবগুলোর মধ্যে রয়েছে লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বেলফাস্ট চলচ্চিত্র উৎসব ও নরওয়ের ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি জানান, ৩০ ও ৩১ অক্টোবর যুক্তরাজ্যের লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘মাস্টার’। এরপর ১ নভেম্বর বেলফাস্ট চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সিনেমাটি। সবশেষে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত নরওয়ের অসলোতে অনুষ্ঠিত ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’ উৎসবে দেখা যাবে ছবিটি।
লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণীয় বিভাগ ‘কনস্টেলেশন’-এ জায়গা করে নিয়েছে ‘মাস্টার’। এ প্রসঙ্গে সুমিত জানান, ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটার্স’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো এই উৎসবে অংশ নিচ্ছেন তিনি।
























