গাজীপুরের টঙ্গী মাজার বস্তি হোন্ডা রোড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদী থেকে তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পিবিআই ঢাকা উত্তরের পরিদর্শক সাজেদুর রহমান গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে মোটরসাইকেল উদ্ধারের পর এ ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে পুলিশ গভীরভাবে কাজ করছে।

























