জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ছলিম উদ্দীন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বর্তমানে প্রায় ৫৫ লাখ ৯২ হাজার ২২০ টাকা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ প্রদান করেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এসব হিসাব অবরুদ্ধের আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আসামি শামীমা আক্তার শিরিন তাঁর স্বামী ছলিম উদ্দীন তরফদারের সহায়তায় অবৈধ উপায়ে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদক আবেদনে আরও জানায়, অভিযুক্তরা তদন্ত চলাকালীন ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর বা বেহাত করার জোর তৎপরতা চালাচ্ছেন। এ অবস্থায় অর্থ লেনদেন বন্ধ না করা হলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে, যার প্রেক্ষিতে আদালত হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেন।

























