ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মো. কাওসার খান (৩৫) পালিয়ে যান।
বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ৮ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার ১টি জাল নোট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন খবরের ভিত্তিতে ডিবির এসআই মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক নারী ভাটারাকান্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় পলাতক কাওসার খান ও অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক নারীকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

























