বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে এক বিশেষ উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকাকে একনজর দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। তবে এবার সেই চিরচেনা আয়োজনে ছেদ পড়তে যাচ্ছে। জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করার নিয়মিত আয়োজন স্থগিত রাখছেন শাহরুখ। এর পেছনে রয়েছে তার আগামী সিনেমা ‘কিং’-এর শুটিং ব্যস্ততা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে অনুষ্ঠিত হচ্ছে না বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার অনুষ্ঠান ‘#SRKDAY’। সিনেমার শুটিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকায় এবার অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য আলাদা সময় বের করতে পারছেন না এই তারকা অভিনেতা।
শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা বহু বছরের। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও অনেক অনুরাগী এই বিশেষ দিনে মুম্বাইয়ে হাজির হন। প্রিয় অভিনেতাকে একঝলক দেখতে মান্নাতের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা। বাড়ির বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোও শাহরুখের জন্মদিনের নিয়মিত দৃশ্যগুলোর একটি।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ফ্যান ক্লাবগুলোকে জানানো হয়েছে, ‘কিং’ সিনেমার কাজের চূড়ান্ত পর্যায়ে থাকায় ২ নভেম্বর ‘#SRKDAY’ আয়োজন করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, এবার আরও বেশি সংখ্যক অনুরাগী নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সে জন্য বড় কোনো ভেন্যুতে অনুষ্ঠান করার বিষয়টিও বিবেচনায় ছিল। তবে শুটিং সূচির ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে না।
এদিকে জন্মদিনে প্রিয় তারকার দেখা না পেয়ে হতাশ হতে পারেন অনুরাগী গোষ্ঠী। তাদের অনুভূতির কথা বিবেচনা করে শাহরুখের টিমের পক্ষ থেকে আন্তরিক দুঃখপ্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

























