প্রচার শুরুর পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। চমৎকার গল্প ও সাবলীল অভিনয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে নাটকটি। সপ্তম পর্ব প্রচারের পর মাত্র চার ঘণ্টারও কম সময়ে ইউটিউবে এর ভিউ ২০ লাখ অতিক্রম করেছে।
বুধবার প্রচারিত সপ্তম পর্বে দুই ভাইয়ের চরিত্রে মুখোমুখি হন জনপ্রিয় দুই অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও জাহিদ হাসান। দীর্ঘ ১৩ বছর পর এই দুই গুণী অভিনেতাকে একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে দেখে উচ্ছ্বসিত দর্শকেরা। পর্দায় তাঁদের আবেগঘন রসায়ন দর্শকহৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে।
নাটকটির অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, চার ঘণ্টারও কম সময়ে ২০ লাখের বেশি ভিউ এবং হাজার হাজার ইতিবাচক মন্তব্য প্রমাণ করে মানসম্মত নির্মাণের প্রতি দর্শকের আগ্রহ কতখানি।
‘যেখানে সম্পর্কই বড় শক্তি’- এই মূল ভাবনার ওপর ভিত্তি করে নির্মিত ধারাবাহিকটিতে জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম ছাড়াও অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিনসহ একঝাঁক তারকা।

























