সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। বুধবার (২৮ অক্টোবর) ভোরে মহাসড়কে এই মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
দুপুর ১২টার দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার ধরে আছেন মিছিলে নেতৃত্বদানকারী কয়েকজন ব্যক্তি। মিছিলটিতে অন্তত ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী অংশ নেন এবং তারা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন বিতর্কিত স্লোগান দেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে আরও দেখা যায়, মিছিলের ঠিক সামনে পুলিশের একটি টহল গাড়ি ছিল এবং গাড়িতে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ‘একবারে মাইরা ফালামু’ বলতে শোনা যায়। একপর্যায়ে গাড়ির দরজা খোলা হলেও পরে তা বন্ধ করে পুলিশের টহল গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এই মিছিলের বিষয়ে জানতে চাইলে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, তিনি মিছিলের ভিডিওটি দেখেছেন। তবে মহাসড়কের ঠিক কোন স্থানে এই ঘটনা ঘটেছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখে মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

























