ক্রসফায়ার ইস্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির অসতর্কভাবে শব্দচয়ন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ জাতীয় শব্দ ব্যবহার করা তাঁর উচিত হয়নি।
জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইজিপি মূলত আইনের কঠোর প্রয়োগের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। সেখানে হয়তো অসতর্কতাবশত এমন শব্দ ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে তিনি এর স্পষ্টীকরণও করেছেন। আইজিপি সরকারের পক্ষ থেকে ক্রসফায়ারের কোনো নির্দেশনা পেয়েছেন বা নিজে তা করতে চান—এমন দাবি তিনি করেননি। তা সত্ত্বেও এ ধরনের শব্দ উচ্চারণ করা সমীচীন নয়।
মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার দেশে আর কোনোদিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের ঘটনা ঘটতে দেবে না। প্রয়োজনে গুম প্রতিরোধে আইন আরও কঠোর ও যুগোপযোগী করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বাগেরহাটের মিরাজ শেখের গুমের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।
























