মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই ঐতিহাসিক কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ‘ওপেন ব্যাংক’ (Open Bank)-কে লাইসেন্স প্রদান করেছে।
উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জুনে দেশটিতে ইসলামি ব্যাংকিং কার্যক্রম সংক্রান্ত একটি বিশেষ আইন কার্যকর হয়। ওই আইনে ইসলামি আর্থিক কাঠামোর বিভিন্ন ধরন, ব্যাংকগুলোর লাইসেন্সপ্রাপ্তির শর্তাবলী এবং এ সংক্রান্ত কর কাঠামোর সুনির্দিষ্ট দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছিল।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আব্রোরখোদজা তুরদালিয়েভ জানিয়েছিলেন, ২০৩০ সালের মধ্যে উজবেকিস্তানে অন্তত ১০টি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিশেষায়িত ‘ইসলামি উইন্ডো’ চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে। এছাড়া ২০২৬ সালের মার্চে দেশটির প্রেসিডেন্টের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকেও শরিয়াহভিত্তিক ব্যাংকিং প্রসারে একাধিক ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরা হয়।
ওপেন ব্যাংক (পূর্বনাম স্মার্ট ব্যাংক) দূরবর্তী প্রযুক্তিভিত্তিক সেবার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। ২০২২ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর ২০২৫ সালের জুনে এর নাম পরিবর্তন করে ওপেন ব্যাংক রাখা হয়। ব্যাংকটির ৮৫ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিক ‘ফিউচার ওপেন টেকনোলজি গ্রুপ’। ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৮ ট্রিলিয়ন সোমে এবং এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০০ বিলিয়ন সোম।


























