রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই একটি ড্রাম ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসটিতে থাকা নারীসহ অন্তত আরও ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বড়দরগা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের উল্টো দিকে মাজার মসজিদের সামনে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রীর মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মোট তিনজন মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


























