মিটারগেজ ইঞ্জিনের তীব্র সংকটের কারণে বাংলাদেশ রেলওয়ের পণ্য পরিবহন কার্যক্রম মারাত্মভাবে ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী কনটেইনার ট্রেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে জ্বালানি ও খাদ্যশস্যবাহী মালবাহী ট্রেনের চলাচলও উল্লেখযোগ্য হারে কমে গেছে। এই সংকট উত্তরণে রেলওয়ের বহরে ৮০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ যুক্ত করার বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নতুন লোকোমোটিভ সংগ্রহের তিনটি আলাদা প্রকল্পের মাধ্যমে এই সংকট মোকাবিলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার প্রকল্পের ডিপিপি অনুমোদিত হয়েছে এবং সমপরিমাণ আরেকটি প্রকল্পের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের সহায়তায় আরও ২০টি লোকোমোটিভ সংগ্রহের কাজ চলছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে এসব লোকোমোটিভ রেল বহরে যুক্ত হলে কনটেইনার ও জরুরি পণ্য পরিবহনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে, যা রেলওয়ের সার্বিক রাজস্ব আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

























