নগদ টাকার পরিবর্তে বাংলা কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পণ্য কেনাবেচা ও আর্থিক লেনদেন এখন আরও সহজ হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের নগদ টাকা বহন, খুচরা টাকার সংকট এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার ঝামেলা অনেকটাই কমবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.কে.এম. কামরুজ্জামান। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়লে রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার পথ আরও ত্বরান্বিত হবে।
সোমবার দুপুরে দিনাজপুর শহরের লিলি মোড়ে বাংলা কিউআর ট্রানজ্যাকশন প্রচারণামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক জানান, বাংলা কিউআর চালুর ফলে গ্রাহক নিজের মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই কিউআর কোড স্ক্যান করে সরাসরি মূল্য পরিশোধ করতে পারছেন। বর্তমানে সারা দেশে বাংলা কিউআর ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা প্রায় পাঁচ লাখ এবং প্রতিদিন গড়ে প্রায় ১৩৫ কোটি টাকার লেনদেন হচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে।























