অতিরিক্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে মোটরযান মালিক ও চালকরা কোনো প্রকার অতিরিক্ত জরিমানা ছাড়াই শুধু মূল কর ও ফি পরিশোধ করে তাদের বকেয়া কাজ সম্পন্ন করতে পারবেন। এই সুবিধার আওতায় রয়েছে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদের সুযোগ।
গ্রাহকদের সুবিধার্থেই জরিমানা ছাড়া কাগজপত্র নবায়নের এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত তারিখ অর্থাৎ আগামী ২৯ অক্টোবরের মধ্যেই এই সুযোগ গ্রহণ করে সব ধরনের কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ জানিয়েছে বিআরটিএ।























