দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সম্পর্ক নিয়ে চলমান নানা আলোচনা ও সমালোচনার মধ্যে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী। স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাদের একটি সাক্ষাৎকার ঘিরে তৈরি হওয়া নেতিবাচক মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় ভালোবাসা, সম্পর্ক এবং ব্যক্তিগত মতামত নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এই তারকা।
রাশ্মিকার ওই পোস্টে বিজয়ের প্রতি তাঁর গভীর অনুভূতির কথা উঠে এসেছে। তিনি জানান, সুযোগ পেলে তিনি হাজারবারও বিজয়কেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। তাঁর কাছে বিয়ে কেবল আংটি পরানো কিংবা কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। বিজয়কে নিজের জীবনের সঙ্গী, বন্ধু এবং ভবিষ্যৎ সন্তানের বাবা হিসেবে উল্লেখ করে রাশ্মিকা বলেন, জীবনের ছোট-বড় প্রতিটি মুহূর্তে তিনি বিজয়কে পাশে চান এবং একসঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখেন।
অন্যদিকে, সম্প্রতি একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে চলা সমালোচনা নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানান, প্রত্যেকের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে এবং অন্যের দৃষ্টিভঙ্গি থেকে নতুন কিছু শেখাকেও তিনি স্বাগত জানান। তবে তাঁদের সাক্ষাৎকার নিয়ে সাম্প্রতিক আলোচনা অনেক ক্ষেত্রেই গঠনমূলক সমালোচনার বদলে ক্ষোভ প্রকাশের মাধ্যম হয়ে উঠেছে বলে মনে করছেন তিনি। রাশ্মিকার এই পোস্টে একদিকে যেমন বিজয়ের প্রতি তাঁর ভালোবাসা ও আস্থার বিষয়টি স্পষ্ট হয়েছে, তেমনি সামাজিক মাধ্যমে সমালোচনার ধরন নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

























