পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে এ বিষয়ে বর্তমান সরকারকে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর মুগদায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আয়োজিত এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে বর্তমানে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে কর্মসংস্থানের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে চরম দলীয়করণ চলছে। বর্তমান বিএনপি সরকারের কার্যক্রমে চাকরিপ্রার্থী তরুণ প্রজন্ম তাদের আস্থা হারাচ্ছে। যারা আস্থা রেখে ভোট দিয়েছিল, তারা এখন নিজেদের ভুল বুঝতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, জনগণের কাছে গুন্ডা বা হুন্ডা নিয়ে ভোট চাইতে যাওয়া হবে না এবং সাধারণ মানুষকেও কোনো ধরনের অর্থের বিনিময়ে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। আইজিপির সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, পুলিশের পোশাক জনগণের টাকায় কেনা। তাই কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়, পুলিশকে সবসময় জনগণের স্বার্থে কাজ করতে হবে।






















