বলিউডের ব্যবসাসফল ‘গজনি’ সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়া জনপ্রিয় অভিনেত্রী অসিন থোট্টুমকল জীবনের ৪১ বছর পূর্ণ করলেন। আজ ২৬ অক্টোবর তাঁর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে ভারতের কেরালা রাজ্যের কোচিতে জন্মগ্রহণ করেন তিনি।
দক্ষিণ ভারতীয় সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন অসিন। মালয়ালম, তেলেগু এবং তামিল ভাষার চলচ্চিত্রে একের পর এক সফল অভিনয় দিয়ে তিনি খুব কম সময়েই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে বলিউডে পা রেখেও নিজের অসাধারণ অভিনয় দক্ষতার ছাপ রাখেন তিনি।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনি’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারে এক বিশাল মোড় এনে দেয়। এই ছবিতে আমিরের বিপরীতে ‘কল্পনা’ চরিত্রে অভিনয় করে তিনি দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। বক্স অফিসে ছবিটি দারুণ ব্যবসা সফল হয়েছিল। এর পরপরই সালমান খানের সঙ্গে ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘বোল বচ্চন’-এর মতো ব্যবসাসফল ছবিতে কাজ করেন এই অভিনেত্রী।
তবে ক্যারিয়ারের মধ্যগগনে থাকতেই অভিনয়জগৎ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অল ইজ ওয়েল’ ছিল তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। এর পরের বছরই অর্থাৎ ২০১৬ সালে ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন তিনি। বর্তমানে স্বামী ও কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসার করছেন এই তারকা।
রূপালি পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও ভক্তদের মনে তাঁর অভিনীত চরিত্রগুলো আজও সমানভাবে অমলিন। জন্মদিনে পুরোনো স্মৃতির সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

























