জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৫ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে অভিযোগ গঠনের এই আদেশ দেন। শুনানিকালে কারাগারে আটক থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ মোট নয়জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা দুজন আসামি আদালতে স্বশরীরে উপস্থিত ছিলেন। আদালত উপস্থিত ১১ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।
মামলায় অভিযুক্ত অন্য ২২ জন আসামি অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটির পলাতক প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।























